ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কবরস্থানের পথ নিয়ে বিরোধের জেরে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সম্পত্তির লোভে দেবরের অন্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা চেস্টা করে ভাবি। এ ঘটনায় ভুক্তভোগী বাদল মাঝির ছোটবোন মোসাঃ রিনা বেগম (৩৬) বাদী হয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় দীর্ঘদিন ধরে পৈত্রিক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সোহাগ মাঝি, মামুন মাঝি, মিন্টু মাঝি ও নাঈম মাঝিসহ কয়েকজন হাতে লাঠিসোঁটা নিয়ে বাদীর ভাই বাদল মাঝির ওপর হামলা চালায়। এতে তার পিঠ, হাত ও কোমড়সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়।
ঘটনাস্থলে বাদল মাঝির স্ত্রী শাকিলা জাহান চৈতি এগিয়ে এলে তাকেও কিল-ঘুষি ও ধাক্কা দিয়ে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।
ভুক্তভোগী মোঃ বাদল মাঝি বলেন, তিনি বাবার একমাত্র ছেলে সন্তান হওয়ায় দীর্ঘদিন ধরে চাচাতো ভাইয়েরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল এবং সম্পত্তি দখলের চেষ্টা করছিল। সর্বশেষ ঘটনায় পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। একপর্যায়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় এবং চাচাতো ভাই সেলিম মাঝির স্ত্রী মিনারা বেগম তার অন্ডকোষ চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পুরো ঘটনা তার বাড়ির সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সেলিম মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার স্ত্রী মিনারা বেগম ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় জানার পর কল কেটে দেন এবং পরে ফোন বন্ধ রাখেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

