মোঃ শরিফ বিল্লাহ, ডোমার, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
রোববার বিকেলে ডোমার উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদের মারধর করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত দলীয় নেতারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তারা।
এ সময় উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

