জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রথমবারের মতো তাঁর কন্যাসন্তান আনায়া-র ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। আজ ১৫ ফেব্রুয়ারি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের সঙ্গে তোলা আদুরে কিছু ছবি পোস্ট করেন এই অভিনেতা।
একটি ছবিতে দেখা গেছে, পরম মমতায় মেয়েকে কোলে নিয়ে আছেন অপূর্ব। অন্য একটি ছবিতে অপূর্বর সঙ্গে তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান ও ছোট্ট আনায়াকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে আবেগঘন কণ্ঠে অপূর্ব লিখেছেন: “এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।”
ছবিগুলো পোস্ট করার মাত্র আট ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি ‘রিঅ্যাক্ট’ এবং অসংখ্য মন্তব্য জমা পড়েছে অপূর্বর ওয়ালে। আঞ্জেলিনা নামে এক অনুরাগী লিখেছেন, “কী যে মন ভালো করা একটা ছবি।” অন্য একজন লিখেছেন, “মেয়ের জন্য অনেক দোয়া রইল।”
২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছর ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁদের ঘর আলো করে আসে আনায়া। উল্লেখ্য, অপূর্বর বড় ছেলে আয়াশ তাঁর সাবেক স্ত্রী অদিতির সংসারে বড় হচ্ছে।

