জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সংবাদের সাংবাদিক শামছুল হুদা রতন। শামছুল হুদা রতন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার পৌর শহরের চিকাজানির মন্ডল বাজার এলাকায় একটি হামলার ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে কতিপয় ব্যাক্তি দৈনিক সংবাদের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শামছুল হুদা রতনের উপর হামলা করে।
একই সময় হামলাকারীরা তাকে আটক রেখে মারপিট করে। এ সংক্রান্ত একটি ভিডিও সোসাল মিডিয়ায় ভাইরাল হয়। ১৪ ফেব্্রুয়ারি সকালে ওই হামলার ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু ঘটনাস্থলে উপস্থিত হয়ে শামছুল হুদা রতনকে উদ্ধার করে।
এব্যাপারে হামলার শিকার সাংবাদিক শামছুল হুদা রতন জানান, হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দেওয়ানগঞ্জের সাংবাদিকদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

