ঝালকাঠির কাঠালিয়া উপজেলা-এ মাদকাসক্ত ছেলেকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পিতা আব্দুল বারেক খান (৫৫)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই পিতা-মাতা ও স্থানীয়দের ওপর হামলা চালাতেন। তার অত্যাচারে পরিবার ও এলাকাবাসী আতঙ্কে ছিলেন।
ঘটনার দিন সকালে শুভ তার পিতার কাছে তিন লাখ টাকা দাবি করেন এবং বসতঘরে ভাঙচুর চালান। পরে সন্ধ্যায় বাজার থেকে একটি ধারালো দা কিনে বাড়িতে ফিরে এসে মাকে হুমকি দেন—টাকা না দিলে রাতেই বাবা-মাকে হত্যা করা হবে।
এ বিষয়ে মা খুশি বেগম তার স্বামীকে জানালে, তার পরামর্শে তিনি অন্য ঘরে ঘুমাতে যান। রাত ৩টার দিকে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত পিতাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম। এ সময় থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হানসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

