বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে তাঁরা মাথা নত করবেন না। যেখানেই আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
রোববার সকাল ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি নির্বাচনোত্তর পরিস্থিতিতে দলীয় সহকর্মীদের খোঁজখবর নেন এবং বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও সহিংসতার অভিযোগ তুলে ধরেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল কর্মী তাঁদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তিনি দাবি করেন, ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছু স্থানে নারীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটেছে বলে তাঁদের কাছে খবর এসেছে।
জামায়াতের আমির ন্যায় ও সত্যের পক্ষে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সহকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে শক্তভাবে দাঁড়ানো মানবতা, মহান আল্লাহর প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমের দাবি। এ লক্ষ্য পূরণে সবাইকে দৃঢ় থাকার আহ্বান জানান তিনি।
তবে শফিকুর রহমানের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

