মো:দিল,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বসবাসযোগ্য সিরাজগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁর প্রথম লক্ষ্য হবে শহর ও উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সিরাজগঞ্জের পাড়া-মহল্লায় যে মারামারি ও অস্থিরতা চলছে, তা অবশ্যই নির্মূল করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, মাদকের বিষয়ে তাঁর কোনো আপোষ নেই। সে আমার দলের হোক বা অন্য দলের মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন তিনি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে বিনোদন ও উন্মুক্ত স্থানের উন্নয়ন জরুরি। এ লক্ষ্যে সিরাজগঞ্জ কাটাখালকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর মতে, উন্নত ও পরিচ্ছন্ন বিনোদনকেন্দ্র গড়ে উঠলে পরিবার ও তরুণদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত হবে।
এছাড়া শহরের মধ্যে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসানোর বিষয়েও তিনি স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, ফুটপাত দখল করে ব্যবসা করার অবসান ঘটাতে হবে। তবে যাঁরা জীবিকার তাগিদে ব্যবসা করছেন, তাঁদের জন্য বিকল্প নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়া হবে।
তিনি জানান, শপথ গ্রহণের পরপরই এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। তাঁর বক্তব্যে উপস্থিত মুসল্লিদের মধ্যে আশাবাদ ও প্রত্যাশার সঞ্চার হয় বলে জানা গেছে। স্থানীয়রা মনে করছেন, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে সিরাজগঞ্জ-২ আসনে ইতিবাচক পরিবর্তন আসবে।

