ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বয়সের দিক থেকে দুই প্রজন্মের প্রতিনিধিত্ব দেখা যাচ্ছে—একদিকে তরুণ নেতৃত্ব, অন্যদিকে অভিজ্ঞ রাজনীতিক।
বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা অনুযায়ী, আবদুল হান্নান মাসউদ এবার সংসদে যাচ্ছেন সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
২০০০ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া হান্নান মাসউদের বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। তরুণ এই নেতা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নির্বাচিত প্রার্থী হলেন খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে তিনি জয় পান ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোটে। তার প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট।
১৯৪৬ সালের ১ অক্টোবর জন্ম নেওয়া খন্দকার মোশাররফ হোসেনের বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। এবারের সংসদে তাই একদিকে ২৬ বছরের তরুণ প্রতিনিধি, অন্যদিকে ৭৯ বছরের প্রবীণ রাজনীতিক—দুই প্রজন্মের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে নতুন আইনসভা।

