জাতীয় পার্টির (জেপি) দুর্গ হিসেবে পরিচিত রংপুরে এবার একটিও আসন জয় করতে পারেনি দলটি। সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও কোথাও জয়ের মুখ দেখেননি লাঙল প্রতীকের প্রার্থীরা। প্রতিষ্ঠার চার দশকের বেশি সময়ে এ ধরনের ভরাডুবির মুখে পড়তে হয়নি দলটিকে।
নির্বাচনের ফল ঘোষণার পর রংপুরে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা দেখা যাচ্ছে। এর মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। কিছু ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, “রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।”
ছবিটির সত্যতা ও সময়-স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা এ নিয়ে পক্ষে-বিপক্ষে মন্তব্য করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনে তৃতীয় স্থানে রয়েছেন।
দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর বাড়ি রংপুর শহরে। এই কারণে এ অঞ্চল বরাবরই লাঙলের শক্ত ভোটব্যাংক হিসেবে পরিচিত ছিল। তবে এবার ওই আসনগুলোতে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে জামায়াত প্রার্থীরা ভালো ফল করেছে।
ভাইরাল ছবিটি নিয়ে একদল এটিকে ‘রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ’ হিসেবে দেখছে, অন্যদিকে অনেকে এটিকে ‘অতিরঞ্জিত ও অসম্মানজনক’ বলে মন্তব্য করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রংপুরে লাঙলের এই পরাজয় এবং তা ঘিরে প্রতীকী প্রতিবাদ আগামীতে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

