সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
বাংলাদেশের পর্যটনসমৃদ্ধ চা-অধ্যুষিত এলাকা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ভোটের দিনজুড়ে চা বাগান এলাকা থেকে শুরু করে পুরো উপজেলাতেই নারী ভোটারদের উপস্থিতি ছিল,তবে দুটি উপজেলার বিভিন্ন চা-বাগান গুলোর ভোট সেন্টারে নারী চা-শ্রমিক ভোটারদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভিড় আরও বাড়ে। কেন্দ্রের বাইরে উৎসুক জনতার মধ্যেও ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর স্বতঃস্ফূর্ত ভোটের পরিবেশ ফিরে আসায় ভোটাররা দলে দলে কেন্দ্রে এসে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করেন। অসুস্থ ও বয়স্ক অনেক ভোটারকেও কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। অনুকূল পরিবেশ থাকায় অনেক প্রবাসীও স্ব পরিবারে দেশে এসে ভোটে অংশ নেন।
প্রায় ১৭ বছর পর ভোট দিতে পেরে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের কেউ কেউ জানান,হামলা-মামলার ভয়ে বিগত নির্বাচনগুলোতে ভোট দেওয়া তো দূরের কথা, দেশে আসাও সম্ভব হয়নি। এবারের নির্বাচনে তারা দেশে এসে ভোট দিয়েছেন;পাশাপাশি প্রবাসীদের একটি অংশ পোস্টাল ভোটের মাধ্যমেও অংশ নিয়েছেন। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে মতামত দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনটিতে শুরু থেকেই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছিল। প্রাথমিক ফলাফলে কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী এগিয়ে রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়,এ আসনে কমলগঞ্জ উপজেলায় মোট ৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী,ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ৬৭৪ ভোট। অপরদিকে রিক্সা প্রতীকে খেলাফত মজলিস প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৭ হাজার ১৯৭ ভোট। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ১৮ হাজার ৪৭৭ ভোটে এগিয়ে আছেন।
ফলাফল ঘোষণাকে ঘিরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল জুড়ে ব্যাপক উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে। কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস, আর বিজয় মিছিল “ধানের শীষ”,” মুজিব ভাই” শব্দ মুখরিত হচ্ছে।

