জাহাঙ্গীর আলম, উপজেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।
ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মোট ১,৪১,৩১৮ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭০,২৬৭ ভোট। ফলে ৭১,০৫১ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়লাভ করেন।
অন্যদিকে বাংলাদেশ রিপাবলিক পার্টির হাতি মার্কার প্রার্থী তোফাজ্জল হোসেন পেয়েছেন ১,৪৭৭ ভোট। এছাড়াও অন্যান্য প্রতীকধারী প্রার্থীরা তুলনামূলকভাবে কম ভোট পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচনের দিন সকাল থেকেই মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক ভোটার দীর্ঘদিন পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচন শেষে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তারা বিজয় উদযাপন করেন।

