চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কামরুল হাসান বাপ্পি হাসপাতালের বেডে শুয়ে ভোট প্রদান করেন। বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। তিনি জানান, “হাসপাতালে শুয়ে থাকলেও ভোটের মাঠে মন ছিল। তাই বেড নিয়ে ভোট দিয়েছি। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ।”
প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, “অসুস্থ ভোটারকে কেন্দ্রের চারজন কর্মকর্তা নিয়ে ভোট দেয়া হয়েছে। এখানে মোট ভোটার ৪৯৩১ জন, বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়া ভোটাধিকার প্রয়োগ হচ্ছে।
এদিকে, হিঙ্গুলীর মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের নির্বাচন সমন্বয়কারী দিদারুল আলম মিয়াজী অভিযোগ করেন, কিছু কেন্দ্রে দাঁড়িপাল্লার কর্মীরা বোরখা পরা মহিলাদের দিয়ে জাল ভোটের চেষ্টা করছেন। তবে তা হাতেনাতে প্রতিহত করা হয়েছে।
মীরসরাইয়ের সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “কিছু বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলে সব জানা যাবে।

