মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ভোটগণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা পাওয়ার পর একই দিন দুপুর দেড়টার দিকে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদিন।
জানা গেছে, অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি ওই ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিজাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। অথচ নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও তাতে স্বাক্ষর করার কথা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং অনেক সময় সময় সংকট দেখা দেয়। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে তিনি আগেই স্বাক্ষর করে রেখেছিলেন। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও দাবি করেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন বলেন, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ওই কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

