ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালানোর সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে পুলিশ আটক করেছে।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ না দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ১৫ দিনের সশ্রম কারাদণ্ড কার্যকর হবে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে। ইউএনও মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে শাহিন ব্যালট পেপার বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিল। এ সময় তাকে আটক করা হয়।
পরবর্তীতে দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ডের বিধান কার্যকর করা হয়েছে।

