কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটে জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম এবং জি-আই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে আল বাশারাত মৎস্য প্রজেক্ট থেকে সরঞ্জামগুলো জব্দ করা হয়।উদ্ধারকৃত মালামালে ছিল ককটেল তৈরির গন্দ্রক, মইঞ্জাল, ফুয়েল পেপার, সিলেকশন পাথর, ২ শতাধিক খালি জর্দার কৌটা এবং শতাধিক জি-আই পাইপ।
মৎস্য প্রজেক্টের মালিক ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুন ।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন ধরে কিছু লোক বস্তা নিয়ে প্রজেক্টে যাতায়াত করছিল। বুধবার দুপুরে মাইক্রোবাসে এসে কিছু মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহজনক মনে করেন এবং পরিত্যক্ত ভবনে গিয়ে **ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পান। পরে পুলিশ ও যৌথবাহিনী এসে সরঞ্জামগুলো জব্দ করে।
স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান অভিযোগ করেছেন, এটি একটি ষড়যন্ত্র, যেখানে যুব বিভাগের নেতা মামুনের সম্পদকে দেখিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
নাঙ্গলকোট থানার ওসি **আরিফুর রহমান বলেন, খবর পেয়ে যৌথবাহিনী সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এগুলো সত্যিই ককটেল তৈরির কিনা তা বিশেষজ্ঞ পরীক্ষা ছাড়া নিশ্চিত বলা সম্ভব নয়। এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা হয়নি।

