ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্থসহ আটকের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে একটি পক্ষ এ ঘটনা নিয়ে নাটক তৈরি করছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো তদন্ত সম্পন্ন হওয়ার আগেই বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে, যা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, জব্দকৃত অর্থের বৈধ কাগজপত্র রয়েছে।
তিনি আরও জানান, আটক বেলাল উদ্দিন নিজেই জানিয়েছেন—তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত যাতায়াত করেন। ব্যাংক বন্ধ থাকায় নগদ লেনদেনের প্রয়োজন হয়েছিল বলেও উল্লেখ করেন। একজন ব্যবসায়ী হিসেবে ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে নগদ অর্থ বহন করা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আটক নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি। দলটির নীতিনির্ধারণী কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, জেলা আমিরের কাছ থেকে উদ্ধার অর্থকে নির্বাচনসংশ্লিষ্ট হিসেবে দেখানোর চেষ্টা চলছে, যদিও এটি ব্যক্তিগত ব্যবসার টাকা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে প্রার্থী, এজেন্ট ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার কথাও উল্লেখ করেন।
এর আগে বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নগদ অর্থসহ আটক করে পুলিশ। তিনি নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে জানান, তার কাছে থাকা ৫০ লাখ টাকার বেশি অর্থ ব্যবসার কাজে ব্যবহারের জন্য বহন করা হচ্ছিল এবং তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত।

