চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে জোবায়ের হোসেন (২৭) নামে এক যুবদল কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (গতকাল) রাত ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর দেলিপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত জোবায়ের হোসেন বাচা মিয়া নামে এলাকায় পরিচিত ছিলেন। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক এবং সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি তিন সন্তানের জনক।
সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটি ভাড়া নিয়ে জোবায়ের মুরাদপুর এলাকায় যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতেই সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরে অন্তত চারটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, নিহতের পিঠে তিনটি এবং গলার নিচে ডান পাশে একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। তবে এটি নির্বাচনী সহিংসতা বলে মনে হচ্ছে না।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, লাশের পাশেই তাঁর অটোরিকশাটি পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে জোবায়েরের মুঠোফোন পাওয়া যায়নি। ঘটনাটি ছিনতাই নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

