বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।
রোববার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা–বিষয়ক এক আলোচনা সভা ও চা–চক্রে তিনি এ কথা বলেন। লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচএস ও নিকেতনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিতে হবে।’
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, সন্তান জন্মদানের সময় চিকিৎসার অভাবে অনেক মা প্রাণ হারান। বিএনপির পরিকল্পনায় প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ প্রসবের ব্যবস্থা নিশ্চিত করা হবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকেও বিশেষ নজর দেওয়া হবে।
নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা নানা ধরনের হয়রানির শিকার হন। গার্মেন্টসসহ বিভিন্ন খাতে নারীদের নিরাপদ যাতায়াত ও কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।
সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে জুবাইদা রহমান বলেন, কর্মস্থলে ডে–কেয়ার সেন্টার, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
বয়োজ্যেষ্ঠ নারীদের প্রসঙ্গে তিনি বলেন, পিতা–মাতার ভরণপোষণ আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নারী সাপোর্ট সেল গঠন, উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে সহায়তা এবং অনানুষ্ঠানিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তা এলাকার পরিবেশ, যানজট ও পরিবহন খাতের সমস্যার কথা তুলে ধরেন। জবাবে জুবাইদা রহমান বলেন, এসব সমস্যার সুপরিকল্পিত সমাধান বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।
সভায় আরও বক্তব্য দেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

