এস এম হাবিবুল হাসান :
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো সাতক্ষীরার কৃতি সন্তান ক্রিকেটার তাফশিরিন সুলতানা তুন্নি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ ২০২৬ শিক্ষাবর্ষে ক্রিকেট বিভাগে (বালিকা) দীর্ঘমেয়াদী ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারী)বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র ক্রিকেট বিভাগ বালিকায় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য ১২ জনের চুড়ান্ত ফলাফলের তালিকা প্রকাশ করে।তাতে দ্বিতীয় স্থানে রয়েছে সাতক্ষীরার কৃতি সন্তান প্রমীলা ক্রিকেটার অলরাউন্ডার তাফশিরিন সুলতানা তুন্নি।
সাতক্ষীরা যে বরাবরই ক্রীড়াবিদ তৈরির উর্বর ভূমি,ক্রিকেটার তুন্নি তা আবারও প্রমাণ করলো।দেশের সেরা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া তার কঠোর পরিশ্রম, মেধা আর নিরন্তর সাধনারই ফল।বিকেএসপি’র দীর্ঘমেয়াদী উন্নত প্রশিক্ষণ নিয়ে তুন্নি একদিন জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে মাঠ মাতাবে এবং সাতক্ষীরার নাম বিশ্বজুড়ে উজ্জ্বল করবে।
সাতক্ষীরার তালা উপজেলার মঙ্গলানন্দ কাটি গ্রামের কৃষক শেখ আব্দুল হামিদ ও গৃহিণী পারভীন আক্তার দম্পত্তির ছোট মেয়ে ক্রিকেটার তুন্নি।তার বড় বোন শিরিন সুলতানা মুন্নি বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে ভূগোল বিভাগে মাস্টার্স শেষ পর্বে লেখাপড়া করছে।ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি অন্যরকম আগ্রহ থেকেই তাকে এই পর্যায়ে এনেছে বলে জানান তার বড় বোন মুন্নি।
প্রমীলা ক্রিকেটার তুন্নির বড় বোন মুন্নি জানান, গ্রামের ৪৫নং মঙ্গলানন্দ কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বরাবর ভালো করতো বলে প্রধান শিক্ষক মো. জোহরুল ইসলামের অনুপ্রেরণায় তুন্নিকে উন্নত প্রশিক্ষণের জন্য সুন্দরবন ক্রিকেট একাডেমিতে ভর্তি করা হয়। একাডেমির ক্রিকেট প্রশিক্ষক জাহাঙ্গীর আলম স্বপনের তত্তাবধানে তুন্নির উন্নত ক্রিকেট প্রশিক্ষণ চলতে থাকে।বোলিং ও ব্যাটিং উভয় দিকে পারদর্শী তুন্নি সম্প্রতি বিকেএসপি’র বালিকা ক্রিকেট ট্রায়ালে অংশ নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে চান্স পেয়েছে।
তার বোন মুন্নি আরও বলেন,শুধুমাত্র তুন্নিকে ক্রিকেটার বানানোর স্বপ্নে আমার মা গ্রাম থেকে সাতক্ষীরা শহরে বাসা ভাড়া করে থাকতে থাকে। তাকে ক্রিকেট প্রশিক্ষণের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য একটি বেসরকারি স্কুলেও ভর্তি করা হয়। কিন্তু বারবার ঢাকার বিকেএসপিতে ক্রিকেট ট্রায়াল অংশ নেওয়ার জন্য যাওয়া আসা করতে পড়াশোনায় একটু ব্যগাত ঘটে। তবুও তুন্নির পড়াশোনা আগিয়ে নেওয়ার জন্য আমাদের পাশের গ্রাম বালিয়াদহার কেএমএসসি কলেজিয়েট ইনষ্টিটিউশন স্কুলে ভর্তি করা হয়েছে।তুন্নি বর্তমানে ক্লাস সেভেনে পড়ছে।তার সাফল্যের জন্য তার ক্রিকেট কোচ স্বপন, সুন্দরবন একাডেমির পরিচালক আলতাফ হোসেন, তার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মো.জোহরুল ইসলামসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।এবং সেই সাতক্ষীরা বাসীর কাছে আমার ছোট বোন ক্রিকেটার তুন্নির জন্য দোয়া প্রার্থনার আবেদন জানাচ্ছি।
তুন্নির এই অভূতপূর্ব সাফল্যে সাতক্ষীরাবাসী গর্বিত! এ জন্য তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আগামীর পথচলার জন্য সকল সাতক্ষীরাবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি।

