শাহজাহান আলী মনন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের নীলফামারীতে জামায়াতের সবচেয়ে বড় নারী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এটি নীলফামারীর স্মরণকালের বৃহৎ মহিলা নির্বাচনী মিছিল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রোববার দুপুরে নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র সমর্থনে মিছিলের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, প্রায় ৩০ হাজার নারী কর্মী ও সমর্থক এতে অংশগ্রহণ করেন। পাঁচ কিলোমিটার দীর্ঘ মিছিলটি নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন প্রার্থী আল-ফারুক আব্দুল লতীফ নিজেই। বেলা ১১টায় নীলফামারী বড় বাজার থেকে মিছিল শুরু হলে শহরের বিভিন্ন সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় পথের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ কৌতূহল নিয়ে তা পর্যবেক্ষণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে এগিয়ে যান।
শহরের গাছবাড়ী এলাকার প্রবীণ বাসিন্দা আমজাদ হোসেন বলেন, “নীলফামারীর ইতিহাসে মহিলাদের এমন বিশাল ও শৃঙ্খল মিছিল আগে কখনো দেখিনি। এটি নজিরবিহীন।” স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা জানান, এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার সূচনা হয়েছে।


