সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর উত্তরসুর দিঘিরপার (মোকামবাড়ি) এলাকায় রবিবার (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভায় উত্তর উত্তরসুরসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জনসমাগমে সভাস্থল জনসমুদ্রে রূপ নেয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন,এলাকার মেহনতি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা,প্রাপ্য সরকারি ভাতা ও সামাজিক সুবিধা পৌঁছে দেওয়া,শিক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়নে বিএনপি সবসময় কাজ করবে। তিনি আরও বলেন,ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,বেকারত্ব ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয় তুলে ধরে বলেন,এসব সমস্যা থেকে উত্তরণে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। তারা নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দেন।
সভা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য চা-শ্রমিকসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানানো হয়।
জনসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

