মোঃ শরিফ বিল্লাহ , ডোমার উপজেলা প্রতিনিধি :
নীলফামারীতে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেখানে ধানের শীষ প্রতীকের তিনজন প্রার্থী রয়েছেন এবং খেজুর গাছ প্রতীকের একজন প্রার্থীও আছেন, যিনি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে তাদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, দল, মত, ধর্ম বা বর্ণের ভেদাভেদ না করে সবাইকে সঙ্গে নিয়েই দেশ গঠনের দায়িত্ব নিতে হবে। ধানের শীষের পাশাপাশি খেজুর গাছ প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে সম্মিলিতভাবে দেশ গঠনের কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি সফরের অংশ হিসেবে শনিবার দুপুরে নীলফামারী পৌরসভার মাঠে আয়োজিত এ জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশ পুনর্গঠনের কাজে মনোযোগী হওয়া এবং সে লক্ষ্যে শপথ নেওয়া। তিনি বলেন, আজকের এই জনসভা দেশ গড়ার অঙ্গীকার হিসেবে বিবেচিত হোক। তিনি আশা প্রকাশ করেন, ঘোষিত পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে তার আগে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নধারাকে আরও এগিয়ে নিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই নীতিতেই তারা বিশ্বাস করেন। যাদের হাতে জনগণ দায়িত্ব তুলে দিচ্ছেন, তাদের কার্যক্রম ভোটের দিন পর্যন্ত পর্যবেক্ষণ করার অনুরোধ জানান তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনের পর জনপ্রতিনিধিদের দায়িত্ব হবে জনগণের পাশে থাকা, এলাকার উন্নয়ন নিশ্চিত করা এবং সংকটে সহযোগিতা করা। তিনি আশা প্রকাশ করেন, ১২ তারিখে বিজয়ী হলে পরবর্তী পাঁচ বছর জনপ্রতিনিধিরা সার্বক্ষণিকভাবে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন।

