সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালী এলাকায় একটি চিংড়ি ঘেরে মাটিতে পুতে রাখা সাড়ে ৫ লাখ টাকার মূল্যমানের ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা সুন্দরবনে পালিয়ে যায়।
রিভাইরাইন বর্ডার গার্ড কোম্পানীর নীলডুমুর অতিরিক্ত পরিচালক লে. কমান্ডার মো. আব্দুর রউফ (এন) জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনা হয়েছিল। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে।

