নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-১ (সদর–মাধবদী) আসনে জোটের মনোনীত প্রার্থী, জামায়াতের পেশাজীবী সংগঠনের জেলা সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার ইব্রাহিম ভুঁইয়া’র সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চিনিশপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্থানে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, পেশাজীবী, যুবসমাজ ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
জনসভায় বক্তারা বলেন, “ইব্রাহিম ভুঁইয়া একজন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের প্রতীক। একজন ব্যাংকার হিসেবে তাঁর স্বচ্ছতা ও পেশাদারিত্ব এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তারা আরও বলেন, “নরসিংদী-১ আসনের জনগণ পরিবর্তন চায়। দুর্নীতিমুক্ত সমাজ, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জোটের প্রার্থী ইব্রাহিম ভুঁইয়ার কোনো বিকল্প নেই।”
জনসভায় ইব্রাহিম ভুঁইয়া বলেন,“আমি নির্বাচিত হলে চিনিশপুর ইউনিয়নসহ পুরো নরসিংদী-১ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক এলাকায় রূপান্তরিত করতে কাজ করবো।
নারী-যুবক-পেশাজীবীসহ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষায় আপসহীন থাকবো।”তিনি ভোটারদের প্রতি জোটের প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
জনসভায় নরসিংদী-১ আসনের জামায়াত নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে এনসিপি সদরের প্রধান সমন্বয়কারী নুর হোসাইন এবং জেলা ছাত্রশক্তির সদস্য সচিব আবরারুল হক রিফাত উপস্থিত ছিলেন।

