রাজধানীর শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন। পাশাপাশি দুই দফায় সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ও আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আহতদের মধ্যে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি রয়েছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

