নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ সিবগাহ বলেছেন, সৎ ও যোগ্য মানুষ যদি সংসদে যায়, তাহলে দেশ বদলে যেতে বাধ্য। তিনি বলেন, যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবেন না, তারা হবেন জনগণের সেবক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিনাজপুর–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভায় বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, আমাদের সামনে একদল সৎ লোক দাঁড়িয়ে আছে। তারা যদি সংসদে পৌঁছাতে পারে, তাহলে ইনশাআল্লাহ এই দেশ পরিবর্তন হয়ে যাবে। আগামী ১৩ তারিখে যে সরকার গঠন হবে, সে সরকার হবে ন্যায় ও ইনসাফের সরকার, সে সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।
তিনি আরও বলেন, জুলাই ও আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের ছাত্রসমাজ অনেক বেশি সচেতন হয়েছে। বাংলার মাটিতে আর কোনো নতুন ফ্যাসিবাদ তারা মেনে নেবে না। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে বিএনপির ভোটেই জামায়াত নির্বাচিত হবে।পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, দিনাজপুর জেলা দক্ষিণ শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাজু, সেক্রেটারি আবুল কালাম আজাদ, নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম, হাকিমপুর উপজেলা আমীর মোঃ আমিনুল ইসলাম এবং ঘোড়াঘাট উপজেলা আমীর মোঃ মোফাখখারুল ইসলাম।

