শাওন বেপারী
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর, ডামুড্যা ও জাজিরা উপজেলায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।প্রথম অভিযানে শরীয়তপুর সদর আর্মি ক্যাম্পের মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে জেলা শহরের আঙ্গারিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মন্টু তালুকদার ৭টি মামলার অভিযুক্ত আসামি বলে জানা গেছে।
দ্বিতীয় অভিযানে ডামুড্যা আর্মি ক্যাম্পের মেজর অনন্যর নেতৃত্বে ডামুড্যা থানার ধানকাটি ইউনিয়নের নয়ন মাতবর কান্দি গ্রামে অভিযান চালিয়ে রাব্বি মোড়ল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।তৃতীয় অভিযানে জাজিরা থানা এলাকায় মেজর আবরারের নেতৃত্বে পরিচালিত তল্লাশিতে বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি টমাহক শর্টগান ও একটি একনলা বন্দুক, দুটি .২২ বোর সেমি–অটোমেটিক রাইফেল, ছয়টি ম্যাগাজিন, ৪৩ রাউন্ড শটগান গুলি, ৫৭ রাউন্ড রাইফেল গুলি ও ১২ রাউন্ড ৯ মিমি পিস্তলের গুলি, সাতটি কার্তুজ ও একটি ইলেকট্রিক শক মেশিন। এছাড়া তিনটি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, দুটি ছুরি, তিন বোতল বিদেশি মদ এবং মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ জুলাই ২০২৪ থেকে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

