দীর্ঘ দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ষড়যন্ত্র এবং জনগণের অধিকার নিয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশে একটি নতুন জালিম শক্তির আবির্ভাব ঘটেছে, যাদেরকে মানুষ ‘গুপ্ত পরিচয়’ হিসেবে চেনে। জনগণের রায়ের ভিত্তিতেই আগামী দিনে বাংলাদেশ চলবে। একটি চক্র ইতিমধ্যেই জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর নিয়ে প্রতারণা করছে। যারা নির্বাচনের আগেই এমন জালিয়াতি করে, তারা কোনোদিন সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না।”
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি চেয়ারম্যান বলেন, “নেতাদের বলব, ১৩ তারিখ (নির্বাচন পরবর্তী সময়) থেকে আগামী ৫ বছর আপনাদের জনগণের পা ধরে থাকতে হবে। মনে রাখবেন, জনগণ পাশে না থাকলে কী পরিণতি হয়, তা গত ৫ আগস্ট দেশবাসী দেখেছে। ক্ষমতার দাপট নয়, বরং জনগণের সেবক হয়ে কাজ করতে হবে।”
এদিন দুপুর ১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে গোটা বরিশাল নগরী উৎসবের নগরীতে পরিণত হয়। বেলস পার্ক ময়দানে তিল ধারণের ঠাঁই ছিল না। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নেতাকর্মীদের ভিড় ছড়িয়ে পড়ে।
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা জালিয়াত চক্রের সহায়ক হওয়া থেকে বিরত থাকতে ইসিকে সতর্ক করেন তিনি।

