বাংলাদেশ ব্যাংক নতুন নকশা ও সিরিজের ১০ টাকা মূল্যমানের কাগজের নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে এ নোট আনুষ্ঠানিকভাবে প্রচলনে আসবে। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ থিমে সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন সিরিজের নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। এবার প্রথমবারের মতো নতুন ডিজাইনের ১০ টাকার নোট ইস্যু করা হচ্ছে।
ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত এ নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে বিতরণ শুরু হবে। পরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে।
নতুন ১০ টাকার নোটের মাপ ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। সামনের অংশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং পেছনে গ্রাফিতি–২০২৪ এর নকশা রাখা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার মোটিফ ব্যবহার করা হয়েছে। নোটটির প্রধান রঙ গোলাপি।
নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, ইলেকট্রোটাইপ ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। এছাড়া ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যেখানে ‘৳১০ দশ টাকা’ লেখা থাকবে এবং আলোতে ধরলে তা দেখা যাবে। নোট নাড়ালে সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হবে। সি-থ্রু ইমেজে আলোতে ধরলে ‘১০’ সংখ্যা দৃশ্যমান হবে এবং মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH BANK’ লেখা থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রা বৈধ থাকবে। পাশাপাশি সংগ্রাহকদের জন্য বিনিময় অযোগ্য ১০ টাকার নমুনা নোটও ছাপানো হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

