মুহাম্মদ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও নির্বাচনকালীন নিরাপত্তার প্রস্তুতি, পরিদর্শনে আসেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার, মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি,এনডিসি, পিএসসি, পিএইচডি।
সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া আসার পর মোতায়েন থাকা সাময়িক বাহিনী, জেলা প্রশাসক, পুলিশ সুপার , জেলার অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে কমান্ডার-১০১ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি সম্মানিত জিওসি’কে স্বাগত জানান এবং দায়িত্বপূর্ণ এলাকা সম্পর্কে অবহিত করেন।
সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, র্যাব, এনএসআই এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এসময় জিওসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের নিবিড় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন,সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে নির্বাচনকালীন পরিবেশ বজায় রাখতে অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে তিনি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলার দায়িত্বে থাকা সকল পদবীর সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন,বিএএম এবং ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি-সহ ডিভিশন সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

