মোঃ সায়েদুর রহমান স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফেরির সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন বের হতে থাকায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত যানবাহনগুলোকে পল্টুনে সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান জানান, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয় এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেরিতে ময়লা পরিষ্কার করার সময় ইঞ্জিনের সাইলেন্সার দিয়ে ধোঁয়ার সঙ্গে আগুন বের হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
ঘটনাটির পর ফেরিঘাট এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

