গৌরীপুর প্রতিনিধি, মোঃ হুমায়ুন কবির:
ময়মনসিংহের গৌরীপুরে ২১ বছর বয়সী লামিয়া আক্তার মিম নামে এক কলেজছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে হলেও তা প্রেমিকের পরিবার মেনে নায়নি, যার কারণে মানসিক চাপে তিনি এই রূপ নিয়েছেন।
ঘটনা ঘটে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে গৌরীপুর রেলজংশনের আউটার সিগন্যাল এলাকায়। লামিয়া আক্তার মিম গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত বছরের ১৬ সেপ্টেম্বর লামিয়া ও রাকিব (৩০) গোপনে বিয়ে করেন। রাকিব গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাসেমের ছেলে। বিষয়টি উভয় পরিবারের মধ্যে প্রকাশ হলে রাকিবের পরিবার বিয়েটি মেনে নেয়নি।
নিহতের বড়বোন সামান্তা নাজনীন জানান, লামিয়া পরিবারের পাত্র দেখার উদ্যোগ নিলে গোপন বিয়ের বিষয়টি জানান। পরে রাকিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি। রোববার রাতে রাকিব ফোন রিসিভ না করলে লামিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সোমবার সকালে তাঁকে বিছানায় না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে ট্রেনে কাটা পড়ার খবর পান এবং পরে মরদেহ শনাক্ত করেন।
রাকিবের বাবা আবুল কাসেম ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি বলেন, আত্মহত্যার পর লামিয়ার পরিবারের সঙ্গে আপোষ-মীমাংসার চেষ্টা করছেন।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি সকাল ৬টা ৪২ মিনিটে গৌরীপুর জংশন থেকে ছেড়ে যায় এবং লামিয়া সেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

