মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর সদর ২ আসনের প্রার্থী সাঈদ নোমান জেলা প্রশাসকের কাছে নিজের ও দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। তিনি দেশের মধ্যে সবচেয়ে তরুণ প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে বলে উল্লেখ করেছেন।
আবেদনে তিনি অভিযোগ করেন, নির্বাচনী জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিদ্বন্দ্বীরা তাঁকে নির্বাচনী মাঠ থেকে সরানোর ষড়যন্ত্র করছে। শহীদ ওসমান হাদীর মতো তাঁকেও নির্বাচনী প্রচারণা থেকে সরানোর চেষ্টা চলছে বলে দাবি করা হয়।
সাঈদ নোমান বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। তবে তিনি কোনো নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি এবং বলেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরই হুমকির প্রকৃতি স্পষ্ট হবে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানিয়েছেন, এবি পার্টির প্রার্থীর কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত আবেদন পাওয়া গেছে। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। পাশাপাশি, প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি কোনো নির্দিষ্ট হুমকি থাকে, তাহলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।

