সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে দীর্ঘ এক মাসের স্থবিরতা কাটিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান প্রকাশ্যে নেতা-কর্মীদের নিয়ে মাঠে নামায় এই আসনে ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
৪ লাখ ৮৬ হাজার ২১২ জন ভোটারের এ আসনে ১১ দলীয় জোটের সিদ্ধান্তে আগে ছিটকে পড়া আব্দুল মান্নান গত শনিবার বিকেল থেকে পুনরায় প্রকাশ্যে নির্বাচনী প্রচারে সক্রিয় হন। শনিবার মৌলভীবাজার শহরে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে বড় ধরনের শোডাউন দেওয়ার পর থেকেই বিএনপির প্রার্থী নাসের রহমানের সঙ্গে তার সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
রোববার (০১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের দেওয়ান মঞ্জিলে জামায়াতের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। একই সঙ্গে সদর ও রাজনগর-এই দুই উপজেলায় আরও ৩০টি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে দলটি। অতীতের মতো প্রকাশ্যে মাঠ চষে বেড়ানোয় আব্দুল মান্নানের প্রচার তৎপরতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানের পুত্র নাসের রহমানের পক্ষেও প্রচারণার গতি বেড়েছে। শনিবার দিবাগত রাতে রাজনগর উপজেলা সদরে নাসের রহমানের সমর্থনে বিএনপির নেতা-কর্মীদের মিছিল করতে দেখা যায়।
জেলা শহরের বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন,“এবার ভেবে-চিন্তে, জেনে-বুঝে ভালো প্রার্থীকে ভোট দেবো। আমাদের ভোটে যেন কোনো অযোগ্য প্রার্থী বিজয়ী না হয়।”
রাজনগর উপজেলা সদর ও উপজেলার উত্তরভাগের কালারবাজার ও ফতেপুর ইউনিয়নের খেয়াঘাটবাজার এলাকার ভোটারদেরও একই সুর। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা দেশকে আর পিছিয়ে রাখতে চান না তারা। তাই এবার খুব সতর্কতার সঙ্গে নেতৃত্ব নির্বাচন করবেন।
এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিস (১১ দলীয় জোট)-এর আহমদ বিলাল এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত। ভোটের মাঠে আহমদ বিলাল বিএনপির প্রার্থীর তুলনায় পিছিয়ে থাকায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্যোগে দেড় বছর ধরে মাঠে কাজ করা জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানকে আবারও প্রকাশ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়েছে বলে জানা গেছে।
সব মিলিয়ে মৌলভীবাজার-৩ আসনে ভোটের লড়াই এখন বহুমাত্রিক। প্রধান দুই প্রার্থীর সক্রিয় প্রচারে শেষ মুহূর্তে ফলাফল কোন দিকে যায়,তা নিয়ে কৌতূহল বাড়ছে ভোটারদের মধ্যে।

