তালতলী, বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় পুকুরে ডুবে আবদুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই এলাকার মনিরের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে একা খেলছিল আবদুল্লাহ। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহফুজা আক্তার জানান, পানিতে ডুবে শ্বাসরোধজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

