সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চার আসনে মোট ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৪১০টি—এর মধ্যে স্থায়ী ৩ হাজার ২৮১টি ও অস্থায়ী ১২৯টি। গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র ১৭৯টি এবং সাধারণ কেন্দ্র ৪৩০টি। সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে সর্বোচ্চ ১৮০ কেন্দ্রের মধ্যে ৬০টি ঝুঁকিপূর্ণ, আর সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৯৬ কেন্দ্রের মধ্যে ২৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, সব ৬০৯টি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশের তত্ত্বাবধানে ক্যামেরা স্থাপনের কাজ ৭৫–৮০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ঝুঁকি, দূরত্ব ও ভবনের অবস্থা বিবেচনায় গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকাতেও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, পরিস্থিতি অনুযায়ী উপজেলাভিত্তিক সর্বোচ্চ পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে এবং ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার চারটি আসনে মোট ভোটার প্রায় ১৮ লাখের বেশি। প্রতীক বরাদ্দের পর চার আসনেই প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা জোরদার করেছেন।

