এম. শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
আমরা জামায়াতের বিজয় চাই না। দাঁড়িপাল্লার বিজয় চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। এ নির্বাচন ১হাজার ৪০০ জন শহীদের রক্তের বিনিময়ের নির্বাচন। ৩৪ হাজার পঙ্গু পরিবারের নির্বাচন। এ নির্বাচন আয়না ঘর ভাঙ্গার নির্বাচন। ৫৪ বছরের কবর রচনার নির্বাচন। তাই ২০২৬ এর নির্বাচনের গুরুত্ব অপরিসীম।
১ ফেব্রুয়ারি রোববার জামালপুর সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জোহরের জনসভায় প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে ন্যায় এবং ইনছাফ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। প্রতিটি মানুষ তার ন্যায্য হিস্যা অনুযায়ী অধিকার বুঝে পাবে। জনসভায় সভাপতিত্ব করেন জামালপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুস সাত্তার।
সভা সঞ্চালনা করেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রধান অতিথি ছাড়াও সভায় বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের এমপি পদপ্রার্থী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড.ছামিউল হক ফারুকী, জামালপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা নাজমুল হক সাঈদী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ।
জনসভার শেষ পর্বে প্রধান অতিথি জামায়াতের আমির ড. শফিকুর রহমান জামালপুরের ৫টি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। তিনি উপস্থিত জনতাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামালপুর জেলার ৫টি আসন জামায়াতে ইসলামীকে উপহার দেওয়ার আহবান জানান। জনসভায় জামালপুর জেলার ৭ টি উপজেলার জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জামালপুরের ৫টি আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

