আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতার কারণে মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনের সময়ে ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন, প্রতিটি লেনদেনের সীমা থাকবে সর্বোচ্চ এক হাজার টাকা।
বর্তমানে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। তবে নির্বাচনের সময়ে এক ব্যক্তি দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করতে পারবে এবং প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা এক হাজার টাকা।
ইন্টারনেট ব্যাংকিং সেবায়ও সাধারণত ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন দিনে সর্বোচ্চ ১০ লাখ টাকা করা যায়। নির্বাচনকালীন সময়ে এই ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া নগদ লেনদেনের ওপরও নজরদারি জোরদার করা হয়েছে। কোনো ব্যাংক হিসাবের মাধ্যমে এক দিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ জমা বা উত্তোলন হলে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) রিপোর্ট (সিটিআর) জমা দিতে হবে। সাপ্তাহিক ভিত্তিতে এই প্রতিবেদন দাখিল করতে হবে এবং কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে ব্যাংককে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় অর্থ লেনদেন সীমিত করার জন্য প্রজ্ঞাপন শীঘ্রই জারি করা হবে।

