২০২৫ সালের মৌসুমে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তবে সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পিএসজির উসমান ডেম্বেল। রাফিনিয়া সেখানে পঞ্চম স্থানে ছিলেন, যা অনেককে অবাক করেছিল। এবার তিনি এই আক্ষেপ প্রকাশ করেছেন।
সোফাস্কোরকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, “আমি অন্তত শীর্ষ তিনে থাকবো বলে আশা করেছিলাম। সত্যি বলতে, আমি নিজেকেই প্রথম স্থানে রাখতাম।” ব্যালন ডি’অর জয়ী নির্ধারণে চ্যাম্পিয়নস লিগের গুরুত্ব স্বীকার করেন রাফিনিয়া, কিন্তু ব্যক্তিগত পুরস্কার কেবল একটি প্রতিযোগিতার ওপর নির্ভর করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন। তিনি বলেন, “পূর্ণ মৌসুমে যা করেছি, যে ট্রফিগুলো জিতেছি, মাঠে যে পারফরম্যান্স দেখিয়েছি—সব মিলিয়ে আমি ব্যালন ডি’অরের যোগ্য ছিলাম।”
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল এবং ২৫টি অ্যাসিস্ট করে রাফিনিয়া দলের লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চ্যাম্পিয়নস লিগে ১৪ ম্যাচে ১৩ গোল ও ৯ অ্যাসিস্ট করেও দল শেষ চারেই থামে। রাফিনিয়া স্বীকার করেছেন, চ্যাম্পিয়নস লিগ না জেতায় ব্যালন ডি’অরের পথে বড় বাধা তৈরি হয়েছিল।
তার মতে, পুরো মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে যদি তালিকা করা হতো, তাহলে নিজেকে প্রথম স্থানে রাখতেন। তিনি লামিনে ইয়ামালকে দ্বিতীয়, পেদ্রিককে তৃতীয় এবং ডেম্বেলকে চতুর্থ স্থানে রাখতেন।
অন্যদিকে, উসমান ডেম্বেল পিএসজির হয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেছেন এবং দলকে ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফরাসি তারকার অবদানে পিএসজি ফরাসি লিগ, ফ্রেঞ্চ কাপ এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে।
রাফিনিয়া যদিও ব্যালন ডি’অর পাননি, তবু নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, “ব্যক্তিগত পুরস্কার আমার কাজকে মুছে দিতে পারবে না।”

