আলিফ আল সুফিয়ান রঙ্গন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছর চারটি অনুষদের অধীন পাঁচটি বিভাগে মোট ২০০টি আসনের বিপরীতে প্রায় ২৩,০০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
গত ৩০ জানুয়ারি (শুক্রবার) প্রথম শিফটে মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের অধীন মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রমের সূচনা হয়। একই দিনে দ্বিতীয় শিফটে শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধীন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরদিন, ৩১ জানুয়ারি, আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের অধীন ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি এবং মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘটে।
২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০২৬ সালের মে মাসে একাডেমিক কার্যক্রম শুরু হবে।
স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা মোট সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (মেঘনা ভবন),
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (পদ্মা ভবন),
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এমসিপিএসসি),
বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম,
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর
এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, খুলনা।

