বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজ আবারও ওপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে নগরীটি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর দাঁড়িয়েছে ২২৪, যা বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ স্তরে নিয়ে গেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচক থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ বাতাসে অতিক্ষুদ্র ক্ষতিকর কণা—পিএম ২.৫-এর অতিরিক্ত উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে এই কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় প্রায় ৩০ গুণ বেশি রেকর্ড করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা আরও উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। এর মধ্যে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় সর্বোচ্চ একিউআই স্কোর ২৯১ রেকর্ড করা হয়েছে। এছাড়া ধানমন্ডিতে ২৮১, দক্ষিণ পল্লবীতে ২৭৫, ইস্টার্ন হাউজিং এলাকায় ২৬২, বেচারাম দেউড়িতে ২৩৯, মাদানি সরণির বেজ এজওয়াটারে ২২০ এবং গোড়ান এলাকায় ২০৬ স্কোর পাওয়া গেছে। এসব এলাকাতেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বাতাস ভালো বলে বিবেচিত হয়। ৫১–১০০ হলে তা সহনীয়, ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১–৩০০ স্কোরে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

