সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীর বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার বিকালে আনুমানিক বিকেল ৪টার দিকে সংঘটিত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী আরিফ মিয়া (৩৬) বিদ্যালয়ের পাশের একটি ঝোপঝাড়ে নিয়ে গিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের ছাত্রী আয়েশা সিদ্দিকাকে ধর্ষণ করে।
ভুক্তভোগী শিশুর মা নুরী বেগম জানান, তার মেয়ে স্কুল থেকে বাড়িতে ফিরতে দেরি করলে তিনি তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে বিদ্যালয়ের পাশের একটি ঝোপঝাড়ের দিক থেকে মেয়েকে আসতে দেখলে তিনি বিষয়টি জানতে চান। তখন মেয়েটি কান্না জড়িত কণ্ঠে ধর্ষণের ঘটনার কথা জানায়। পরে তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী আয়েশা সিদ্দিকা ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা। তার পিতা আশরাফুল মিয়া। অভিযুক্ত আরিফ মিয়া ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা নুরী বেগম বাদী হয়ে সাঘাটা থানায় মামলা নং-১২, তারিখ-৩০/০১/২০২৬ খ্রি., ধারা ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম জানান, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হবে।

