নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে আইসিসির ওপর অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি করেছিল, নিরাপত্তাজনিত কারণে ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দেয়। শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই।
আইসিসি আরও জানায়, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট শুরুর সময় খুব কাছে থাকায় বিসিবির অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও ব্যাখ্যা দেওয়া হয়।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শহীদ আফ্রিদি আইসিসির সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, এই ক্ষেত্রে আইসিসির আচরণ হতাশাজনক। আফ্রিদির মতে, ২০২৫ সালে পাকিস্তানে খেলতে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি গ্রহণ করলেও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হয়েছে।
তিনি উদাহরণ হিসেবে গত বছরের চ্যাম্পিয়নস ট্রফির কথা উল্লেখ করেন, যেখানে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়। অন্য সব দল পাকিস্তানে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তাদের দুবাই যেতে হয়েছিল।
আইসিসির নীতিতে বৈষম্যের অভিযোগ তুলে আফ্রিদি বলেন, ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নিয়ম ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি সম্মান দেখানো উচিত এবং আইসিসির উচিত সম্পর্ক তৈরি করা, বিভাজন নয়।

