লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মানুষের ঢাকায় যাতায়াতের ট্রেন ভোগান্তি নিরসন ও বন্ধ ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় প্রায় আধা ঘণ্টা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে রেলওয়ে সংস্কার কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে সরিষাবাড়ী–ময়মনসিংহ–ঢাকা রেলরুটে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস—এই তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এর মধ্যে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রেন দু’টি অল্প সময়ের ব্যবধানে চলাচল করায় যাত্রীসংখ্যা কম থাকে এবং এতে রেল কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়ছে।
বক্তারা আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে ট্রেনগুলো তারাকান্দিতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায় এবং ঢাকা ফেরার সময় গভীর রাত হয়। ফলে ট্রেন থেকে নামার পর যাত্রীদের ছিনতাইসহ নানা ঝুঁকির মধ্যে পড়তে হয়। তারা দাবি জানান, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের যেকোনো একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করে ঢাকা থেকে রাতে এবং জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল নিশ্চিত করা, বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেন পুনরায় চালু করা এবং সেটিকে যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার, নূর সরকারসহ অন্যান্যরা। বক্তারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

