পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজউকের ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা করেছে আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম মামলার যুক্তিতর্ক শুনানি শেষে আগামী ২ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান বলেন, মামলার সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় আদালত রায়ের তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে গত ৫ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়। ওই দিন আদালতে তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবী শাহিন উর রহমান তাকে জেরা করেন।
এ মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এরপর গত ৮ জানুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ২০২৫ সালের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে গত ১০ মার্চ আরও দুইজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।
পরবর্তীতে মামলায় যুক্ত হওয়া দুই আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

