সালাম মাহমুদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী শীতকালকে কেন্দ্র করে রাজধানীর গুলশান-১ কর্পোরেট অফিসে তিন দিনব্যাপী একক আবাসন মেলা ও পিঠা উৎসবের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। ৮ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলা এই ব্যতিক্রমধর্মী আয়োজন হাজারো মানুষের পদচারণায় পরিণত হয় এক প্রাণবন্ত গ্রামীণ উৎসবে।
৮ জানুয়ারি সকালে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা। এরপর কেক কেটে একক আবাসন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক নাজনীন আখতার, উপদেষ্টা নূরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিম, মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার ও গ্রুপ লিডার শিমুল সরকার, মহিন ইসলাম, সোহাগ খান, সায়মন আরাফাতসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
উৎসবে দর্শনার্থীদের জন্য ছিল গ্রামীণ জীবনের নানান ঐতিহ্যবাহী আয়োজন। মুখরোচক পিঠা ছাড়াও ঝালমুড়ি, ফুসকা, ছোটদের জন্য হাওয়াই মিঠাই এবং নারীদের জন্য হাতে মেহেদি দেওয়ার ব্যবস্থা ছিল। ব্যতিক্রমী এসব আয়োজন দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড মধ্যবিত্ত শ্রেণির আবাসন চাহিদা পূরণের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির চারটি চলমান আবাসন প্রকল্প— প্রিমিয়াম টাউন, প্রিমিয়াম গার্ডেন, প্রিমিয়াম ভ্যালি ও প্রিমিয়াম রোজ ভ্যালি ইতোমধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, “অনেকে প্রতিশ্রুতি দেয়, আমরা দেই নিশ্চয়তা। প্রিমিয়াম যা বলে, তা-ই করে।” তিনি জানান, গত দুই বছরে গ্রাহকদের সর্বাধিক রেজিস্ট্রেশন প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড অন্যতম—যা বিশ্বাস ও স্বচ্ছতার প্রমাণ।
একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা প্রিমিয়াম টাউন প্রকল্প থেকে পাঁচ কাঠার একটি প্লট কেনার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, চারপাশে সরকারি রাস্তা এবং ম্যানেজমেন্টের প্রতিশ্রুতি বাস্তবায়নের কারণেই তিনি এই প্রকল্পে আস্থা রেখেছেন।
শত শত গ্রাহকের পাশাপাশি প্রবাসীদের মধ্যেও শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড বলে জানান আয়োজকরা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল এই একক আবাসন মেলা ও পিঠা উৎসব।

