এম. শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কয়েদির নাম সুলতান শেখ (৪০)। তিনি ইসলামপুর উপজেলার নটারকান্দা গ্রামের ছটকু শেখের ছেলে। সুলতান শেখ একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার সকালে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে তার অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।
জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া জানান, সুলতান শেখ শ্বাসকষ্টের পাশাপাশি চর্মরোগে ভুগছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

