শাওন বেপারী,শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে জেলা আওয়ামী লীগ যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। নুরুদ্দিন আহাম্মেদ অপু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে এ যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় ফুলের মালা পরিয়ে নতুন নেতাকর্মীদের বিএনপিতে বরণ করে নেওয়া হয়।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় পার্টির যুবশক্তির সদস্য সচিব মোঃ সিয়াম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবশক্তির বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি দলটির সকল দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
যোগদান অনুষ্ঠানে মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের সময়ে আমি নির্যাতিত ও নিপীড়িত ছিলাম। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক দেশ গঠনের লক্ষ্যে আজ দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলাম।
জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, এনসিপি নতুন বন্দোবস্তের যে স্বপ্ন দেখিয়েছিল, তা বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে। তাই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় শতাধিক নেতাকর্মীসহ আজ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলাম।
অনুষ্ঠানে বক্তব্যে নুরুদ্দিন আহাম্মেদ অপু নবাগত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

