জয়পুরহাটে হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১০জানুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী।
এ সময় প্রধান অতিথি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

