দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে এলপি গ্যাস সিলিন্ডারের সরবরাহ কমে যাওয়ায় বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে সিলিন্ডারপ্রতি দাম ১০০ থেকে ২০০ টাকা বেড়ে গেছে। কোথাও কোথাও অতিরিক্ত ৫০০ টাকা পর্যন্ত বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষ।
দিনাজপুর শহরের কালিতলা এলাকার মাজহারুল ইসলাম রেঞ্জু ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায়, গ্যাসের সরবরাহ একেবারেই সীমিত। অনেক ক্রেতা খালি সিলিন্ডার জমা দিলেও গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সিলিন্ডারপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দামে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ক্রেতা প্রফেসর মোহনলাল বলেন, আমরা খালি সিলিন্ডার জমা দিয়ে দিচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। বাসায় গ্যাসের সংকট দেখা দেওয়ায় রান্নাবান্না করা কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে বিদ্যুৎচালিত চুলা ও অন্যান্য সরঞ্জাম কিনতে হচ্ছে, এতে আমাদের খরচ আরও বেড়ে যাচ্ছে।
একই অভিযোগ করেন আরেক ক্রেতা হাসিনুর রহমান। তিনি বলেন, “দুই দিন আগে বাসার সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে। ডিলার পয়েন্টে এসেও গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে। রান্নাবান্না নিয়ে আমরা চরম অসুবিধায় আছি। দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে আমাদের মতো গ্রাহকরা উপকৃত হব।
এলপি সিলিন্ডার গ্যাস ক্রেতা আব্দুল জলিল বলেন, অনেক ব্যবসায়ীরা গ্যাস সিলিন্ডার লুকিয়ে রেখে বেশি দাম দিলে আবার বিক্রি করছে। এ বিষয়টি প্রশাসনের নজরদারি করা প্রয়োজন।
দিনাজপুর কলিতলার এলপি গ্যাস ডিলার মোজহারুল ইসলাম রেনঞ্জু বলেন, গত কয়েক দিন ধরে গ্যাস সরবরাহকারীদের আন্দোলনের কারণে সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। আমাদের কাছে যে অল্প কিছু সিলিন্ডার ছিল, সেগুলোই বিক্রি করা হয়েছে। বর্তমানে সিলিন্ডার পুরোপুরি ফাঁকা। তবে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি তুলে নেওয়ায় আমরা নতুন করে খালি সিলিন্ডার কোম্পানিতে পাঠাচ্ছি। কয়েক দিনের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কোম্পানিতেও লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। আশা করছি, আগামী দুই-এক দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হলে ন্যায্য দামে গ্যাস বিক্রি করা সম্ভব হবে।

